জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে চিহ্নিত এক অপরাধীর বেপরোয়া কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দিনদুপুরে গরু, ছাগল, গাড়ি ও টাকা-পয়সা লুটের পাশাপাশি এলাকায় খুন-খারাবিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর ও আশেপাশের এলাকায় জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে একটি অপরাধী চক্র গড়ে তুলেছে। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগ রয়েছে, দিনের আলোতেই সে সাধারণ মানুষের গবাদিপশু, যানবাহন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় একাধিক খুন, ডাকাতি ও মারামারির মামলা রয়েছে। এসব মামলায় সে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খাটলেও, জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তার একের পর এক অপকর্মে পুরো গ্রামে এখন এক ধরণের ‘ডাকাত আতঙ্ক’ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেশবপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, "জাহাঙ্গীরের অত্যাচার এখন সহ্যসীমার বাইরে চলে গেছে। আমরা শান্তিতে ঘুমাতে পারি না, দিনের বেলাতেও গরু-ছাগল মাঠে ছাড়তে ভয় পাই। সে এলাকায় এক ধরণের মগের মুল্লুক কায়েম করেছে।"
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, দ্রুত এই চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হচ্ছে।