শহিদুল ইসলাম, প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলায় নানিয়ারচর জোনে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ জুন ২০২৬, মঙ্গলবার ১০.৩০ মিনিটে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও, জোনের উপ-অধিনায়ক, এ্যাডজুটেন্ট, কৃষি কর্মকর্তা, বন বিভাগ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানবৃন্দ, নানিয়ারচর থানা প্রতিনিধি, নানিয়ারচর বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং পরিবেশবান্ধব কর্মকান্ডে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এছাড়াও, সভায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদেরকে জৈব সার উৎপাদণের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস, মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে উদ্বুদ্ধ করা হয়।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন। একইসঙ্গে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
নানিয়ারচর জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।