
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর ৫ জন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলাল হোসেন রানার নেতৃত্বে তার পাড়ারগাঁওস্থ বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়,ফয়সাল আহমদ,জাফর ফকবাল,কমিল উদ্দীন,সাহেল আহমদ,অন্তর চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
রোববার (৮ জুন) মামলার আসামিরা সুনামগঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আলাল হোসেন রানা, সাইদ আল ফয়সল, সাহেল আহমেদ, জামিল আহমেদ ও সজিব রায় দুর্জয়কে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতের এ আদেশের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, একটি শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
Leave a Reply