
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছাতক দোয়ারাবাজার উপজেলায় রাজনৈতিক পরিবেশ যতই উত্তপ্ত হচ্ছে, ততই সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচার, সমতা ও শান্তিপূর্ণ রাজনীতির প্রত্যাশা বাড়ছে। ঠিক এমন সময়ে জেলা বিএনপির সদস্য এম এ বারী তার ফেসবুক স্ট্যাটাসে প্রতিহিংসামুক্ত, শান্তিপূর্ণ ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
সোমবার(১৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দোয়ারাবাজার উপজেলাবাসী, আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রিয় নেতা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন ভাই আপনাদের সমর্থনে নির্বাচিত হলে,মিলন ভাই এবং আমাদের দ্বারা ক্ষমতার অপব্যবহার এবং দোয়ারাবাজার উপজেলার সকল পর্যায়ের সর্বসাধারণ জনগণ কোনো প্রতিহিংসা ও বৈষম্যের স্বীকার হবেনা ইনশাআল্লাহ।
এম এ বারী তার বার্তায় আরও বলেন, “রাজনীতি হলো মানুষের কল্যাণ, সেবা ও উন্নয়নের অঙ্গীকার। আমরা চাই দোয়ারাবাজারের মানুষ যে দলকেই সমর্থন করুক—সবার জন্য সমান সুযোগ, সম্মান ও প্রশাসনিক সেবা নিশ্চিত হোক। বিএনপি জনগণের ওপর প্রতিশোধ বা প্রতিহিংসা বিশ্বাস করে না।”
তার এই বক্তব্য স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিপক্ষকে টার্গেট করা, হয়রানি ও সংঘাতের অভিযোগ বাড়তে থাকায় এমন আশ্বাসমূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আনে। দোয়ারাবাজারের সাধারণ ভোটাররাও সামাজিক মাধ্যমে স্ট্যাটাসটির নিচে মন্তব্য করে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এবং প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতির প্রতি সমর্থন জানিয়েছেন।
এদিকে বিএনপি মনোনীত সুনামগঞ্জ ৫ আসনের ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনও বিভিন্ন সময় তার বক্তব্যে ছাতক দোয়ারাবাজারের মানুষের সঙ্গে উন্নয়নমুখী, স্বচ্ছ এবং শালীন রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।
রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, প্রতিহিংসা ও বৈষম্যবিহীন রাজনীতির প্রতি এই দৃঢ় অবস্থান নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ছাতক দোয়ারাবাজারের সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
Leave a Reply